মালবাহী গাড়ির ধাক্কায় কিশোরীর মৃত্যু
দি নিউজ লায়ন ; মঙ্গলবার সকালে মালবাহী গাড়ির ধাক্কায় এক কিশোরীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার শ্রীরামনগরে।স্থানীয় সূত্রে জানা যায় যে মৃত কিশোরীর নাম রূপসা জানা, বয়স আনুমানিক ১৪ বছর। স্থানীয় সূত্রে জানা যায় যে মঙ্গলবার সকাল বেলায় তেলেভাজা দোকান থেকে চপ কিনে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।
অন্যদিকে এই কিশোরীর মৃত্যুর জেরে শ্রীরামনগরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। তারা গাড়িও ভাঙচুর করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সকালে রূপসা মুড়ি খাওয়ার জন্য একটি দোকান থেকে চপ কিনে সাইকেলে করে বাড়ি ফিরছিল। সেই সময় বেলিয়াঘাটার দিক থেকে যাওয়া কামালপুর অভিমুখী বালি বোঝাই একটি ডিসিএমটি রূপসাকে ধাক্কা মারে। ফলে রূপসার মাথার উপর দিয়ে গাড়িটি চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, গাড়ি চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন সেজন্যই ওই দুর্ঘটনা ঘটেছে।
এর পরই স্থানীয়রা পথ আটকে বিক্ষোভ দেখায়। গাড়িটিকেও ক্ষিপ্ত জনতা ভাঙচুর করেন বলে জানা গিয়েছে। ওই ঘটনার খবর পেয়েই দাসপুর থানা থেকে পুলিশ বাহিনী ঘটনা স্থলে পৌঁছালে তারাও বিক্ষোভের মুখে পড়ে। ওই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।পুলিশ গাড়িটিকে আটক করেছে,তবে গাড়ির চালক ও খালাসি পলাতক।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।সেই সঙ্গে দাসপুর থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করে।

Post a Comment